logo

সময়: ০৬:৪৮, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে অতিরিক্ত তেল মজুত ও বিক্রি: হাতেনাতে ধরা, জরিমানা

Masud Rana
১৭ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১০:০৫
photo
রাজশাহীতে অতিরিক্ত তেল মজুত ও বিক্রি: হাতেনাতে ধরা, জরিমানা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী মহানগরীতে ফিলিং স্টেশনের
কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ ও চড়া
দামে বিক্রির অভিযোগে রাকিব হাসান (২৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে
আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। এ ঘটনায়
ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানার
আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের বেসমেন্টে অভিযান চালিয়ে তাকে
আটক করা হয়। আটক রাকিব হাসান নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার
শাহজাহান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী
কমিশনার আরিফ হোসেন। তিনি জানান, অভিযানে ৪০ লিটার পেট্রোল জব্দ
করা হয়েছে। পরে জব্দকৃত পেট্রোল বাজারমূল্যে বিক্রি করা হয়। জরিমানার
অর্থ এবং তেল বিক্রির টাকা আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা
দেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাকিব হাসান দীর্ঘদিন
ধরে ফিলিং স্টেশনের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত
পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। পরে সেগুলো ভবনের বেসমেন্টে মজুত
রেখে বাইকারদের কাছে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি
করতেন।
এনএসআই সূত্র জানায়, সংস্থাটির রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা
বেশ কিছুদিন ধরে এ চক্রের ওপর নজরদারি করছিলেন। বৃহস্পতিবার রাতে এক
সদস্য ক্রেতা সেজে তেল কিনতে গেলে রাকিব বিক্রিতে সম্মত হন। এ সময়
তাকে হাতেনাতে আটক করা হয় এবং মজুত তেল জব্দ করা হয়।
অভিযান শেষে বেসমেন্টে থাকা বোতল ও জার দেখে গোয়েন্দা কর্মকর্তাদের
ধারণা, সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে বিক্রি করেছেন
রাকিব। অবৈধ জ্বালানি মজুত ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…