Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট
দিবস-২০২৬ উপলক্ষে এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন
হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ রেড
ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় রাজশাহী সিটি কর্পোরেশন নগর
ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি
রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবতার সেবায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস ও
রেড ক্রিসেন্ট আন্দোলনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগ,
মহামারি, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা যেকোনো মানবিক সংকটে
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি নিরলসভাবে কাজ করে
যাচ্ছে।
তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা ও সামাজিক
দায়িত্ববোধ জাগ্রত করতে রেড ক্রিসেন্টের কার্যক্রম গুরুত্বপূর্ণ
অবদান রাখছে। তরুণ সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করতে
সংগঠনের স্বেচ্ছাসেবীরা অনুকরণীয় ভূমিকা পালন করছেন বলেও তিনি
উল্লেখ করেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, মানুষের দুঃসময়ে নিঃস্বার্থভাবে
এগিয়ে আসার এই মানসিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে
সহায়ক। এ সময় তিনি মানবতার কল্যাণে নিয়োজিত সকল
স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নগরীর জলাবদ্ধতা নিরসনে রাসিকের চলমান কার্যক্রম তুলে ধরে তিনি
বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর সব ড্রেনের কাঁদামাটি
অপসারণে ১০ দিনের পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী
বর্ষায় নগরবাসীর ভোগান্তি কমাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জলাবদ্ধতা নিরসনেও রেড ক্রিসেন্ট সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করবেন
বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে জীন হেনরী ডুনান্টের ১৯৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান
নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, রেড
ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম
রাজু, সাধারণ সম্পাদক ড. মোঃ শামীম হোসেন চৌধুরী, সিটি
ইউনিট অফিসার মীর্জা শামীম আহসান, বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক এবং রেড ক্রিসেন্টের সদস্যরা।