ঢাকা, ০২ জুলাই ২০২৬ (পিআইডি): বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তর ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ‘GPE System Transformation Grant (STG) And Multiplier Grant in Bangladesh’-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (GPE)-এর এই অনুদানকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের শিক্ষা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং কাঠামোগত রূপান্তর সাধনে এই গ্র্যান্ট অত্যন্ত সময়োপযোগী ভূমিকা পালন করবে। তিনি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ঝরে পড়া রোধ এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর জোর দেন।
GPE-এর এই রূপান্তর ও মাল্টিপ্লায়ার গ্র্যান্ট আমাদের শিক্ষাব্যবস্থার বৈষম্য দূর করতে এবং নতুন কারিকুলামকে আরও কার্যকরভাবে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে। আমরা প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। "
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা বিষয়ক বিশেষ উপদেষ্টা মাহ্দী আমিন। তারা তাদের বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা এবং সাধারণ শিক্ষা খাতের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে এই অনুদানের সুষম ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত না হলে উচ্চশিক্ষার রূপান্তর সম্ভব নয়, তাই এই খাতের আধুনিকায়নে সরকার নিরলস কাজ করছে।