logo

সময়: ০৪:৩৩, বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জগন্নাথপুরে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ

Ekattor Shadhinota
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ | সময়ঃ ১১:৫৭
photo
জগন্নাথপুরে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ

মোঃরফিকুল ইসলাম সোহাগ 
(সুনামগঞ্জ)জেল প্রতিনিধি:


সুনামগঞ্জের জগন্নাথপুরে এক হোটেল ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। জগন্নাথপুর আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন—আব্দুল ওয়াহিদ ওরফে ব্যাটারী মোল্লা (৫০), হিবজুর রহমান তালুকদার জিয়া (৪০) এবং রিয়াজ রহমান (৪০)। তারা জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এজাহারে উল্লেখ করা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল করে আসছিলেন।

মামলার বাদী ‘সানলাইট আবাসিক হোটেল’-এর মালিক মো. মনির মিয়া অভিযোগ করেন, গত ১ জানুয়ারি সকালে আসামিরা তার হোটেলে প্রবেশ করে দাবি করেন, প্রতিষ্ঠানটি সরকারি খাস জায়গায় নির্মিত হয়েছে। তারা আরও বলেন, তাদের টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচার করা হলে প্রশাসন হোটেলটি উচ্ছেদ করবে। এ ভয় দেখিয়ে তারা ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ফেসবুকে হোটেলটি নিয়ে আপত্তিকর ও মানহানিকর লেখালেখি শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে গত ১৮ ফেব্রুয়ারি আসামিরা পুনরায় হোটেলে গিয়ে একই দাবিতে চাপ সৃষ্টি করেন এবং গালিগালাজসহ বিভিন্নভাবে হয়রানি ও ক্ষতির হুমকি দেন। এ সময় স্থানীয় কয়েকজন উপস্থিত হয়ে প্রতিবাদ করলে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

বাদী আরও জানান, এর আগেও এক আসামির বিরুদ্ধে একই ধরনের চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছিল, যা তদন্তে প্রমাণিত হয়। থানায় প্রতিকার না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…