Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর ছয়টি সংসদীয়
আসনের চূড়ান্ত ফলাফলে চারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি) এবং দুটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-
সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল
ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, প্রতিটি
আসনের সব কেন্দ্রের ফল একত্র করার পর বিজয়ীদের নাম ঘোষণা করা
হয়।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী): মোট ১৬০টি কেন্দ্রের
ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন
১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১
লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী
হন মুজিবুর রহমান।
রাজশাহী-২ (সদর): ১১৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপি
প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৪৬
ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ
জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৭০ ভোট।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর): মোট ১৩১টি কেন্দ্রের ফলাফলে
বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন
১ লাখ ৭৬ হাজার ৩৭৮ ভোট। জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল
কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।
রাজশাহী-৪ (বাগমারা): ১২২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াত
মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ১ লাখ ১৫
হাজার ২২৬ ভোট। বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর
রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। ৮ হাজার ৪৪৯ ভোটের
ব্যবধানে বিজয়ী হন ডা. আব্দুল বারী সরদার।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): ১৩২টি কেন্দ্রের ফলাফলে
বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মণ্ডল
পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। জামায়াতে ইসলামের
প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা): মোট ১১৯টি কেন্দ্রের ফলাফলে
বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮
হাজার ৬৭২ ভোট। জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক
পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, ঘোষিত
ফলাফলের ভিত্তিতে বিজয়ীদের গেজেট প্রকাশের প্রক্রিয়া
পরবর্তী সময়ে সম্পন্ন করা হবে।