logo

সময়: ০১:০৮, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাজিত থেকে টানা দ্বিতীয়বার শিরোপা অর্জন 

Ekattor Shadhinota
২৫ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৫৪
photo
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাজিত থেকে টানা দ্বিতীয়বার শিরোপা অর্জন 

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭-এর ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দল। পাঁচটি ম্যাচ খেলে একটিতেও পরাজিত হয়নি দলটি।

 

প্রতিযোগিতাজুড়ে প্রতিপক্ষের জালে গোল দিলেও নিজেদের জালে একটিও গোল হজম করতে হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় দলকে। দলের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক রোকনুজ্জামান রোকনসহ খেলোয়াড়েরা।

 

প্রতিযোগিতায় সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ইশাম উজ্জামান শিহাব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হয়েছেন রাজশাহী কলেজের শিক্ষার্থী ও অধিনায়ক রোকনুজ্জামান।

 

জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের কোচ মো. তাজুল ইসলাম, ম্যানেজার মো. সুজাউদ্দৌলা (উপপরিচালক) এবং সহকারী ম্যানেজার শাহিন আহমেদ (সহকারী পরিচালক)। নয় দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশ নেয়। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

 

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের এই অর্জন অত্যন্ত গর্বের। টানা দ্বিতীয়বার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সমন্বয়ের ফল। পুরো টুর্নামেন্টে তারা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে এবং নিজেদের জালে কোনো গোল হজম না করে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।"

 

উল্লেখ্য, গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায়ও অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এবারও অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ফুটবল দল নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখল।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…