logo

সময়: ০২:৪৬, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে: ড. আতিক মুজাহিদ

Ekattor Shadhinota
২১ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:২৫
photo
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে: ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রামে দিনব্যাপী ‘জাতীয় যুব সম্মেলন-২০২৬’ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা উৎসুক যুবক ও নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের কলেজ মোড়স্থ গ্র্যান্ড অ্যাসেম্বলি হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে যুবসমাজের সম্ভাবনা, আত্মকর্মসংস্থান, সামাজিক দায়বদ্ধতা এবং আগামীর নেতৃত্ব নিয়ে নানা দিকনির্দেশনামূলক আলোচনা উঠে আসে।
জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমালের প্রাণবন্ত সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ জেলার তরুণদের সামর্থ্য ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘কুড়িগ্রামের তরুণদের মাঝে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। কেবল চাকরির পেছনে না ছুটে কৃষি, ক্ষুদ্র শিল্প ও প্রযুক্তিতে উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য বদলাতে হবে। ’ তিনি আরও বলেন, ‘সমাজে বিদ্যমান নানা সংকট মোকাবিলা করে একটি বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে। তরুণদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের যেকোনো ইতিবাচক উদ্যোগে আমি সবসময় পাশে আছি।

প্রধান আলোচক রিফাত রশিদ তাঁর বক্তব্যে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘মাদক, বেকারত্ব ও হতাশা থেকে তরুণদের দূরে রাখতে সুশৃঙ্খল সংগঠন ও সুস্থ সংস্কৃতি জরুরি। নেতৃত্ব মানে পদ নয়, মানুষের পাশে দাঁড়ানো ও অন্যায়ের প্রতিবাদ করার নামই নেতৃত্ব। তৃণমূল পর্যায়ে যুবশক্তিকে আরও গতিশীল ও সুসংগঠিত করে একটি মানবিক সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান বাবু। এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া, সদস্যসচিব মো. মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব মাওলানা দিনার মিনহাজ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু ও সদর উপজেলা এনসিপি আহ্বায়ক শাজাহান আলি  সুমন জাতীয় নারী শক্তি আহ্বায়ক সদস্য সচিব মেরিনা পারভীনসহ প্রমুখ নেতৃত্ব বৃন্দ   বক্তারা জেলার সার্বিক উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
দিনব্যাপী এই যুব সম্মেলনে জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত নেতাকর্মীদের স্লোগান ও প্রাণবন্ত অংশগ্রহণে সম্মেলনস্থল মুখরিত হয়ে ওঠে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…