গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া মনিপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়দের বরাত দিয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ের রাস্তার পাশে একটি বাস দাঁড় করানো ছিল। বাসটিতে কারখানার শ্রমিক আনা-নেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে কে বা কাহারা ওই বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেন, মঙ্গলবার ভোরে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই বাসে দিয়ে থাকতে পারে। স্থানীয়দের কাছ থেকে তথ্য উদঘাটন করা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।