logo

সময়: ১০:০২, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:০২ অপরাহ্ন

সর্বশেষ খবর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Ekattor Shadhinota
১০ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:৪৪
photo
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে রাজধানী ঢাকাসহ সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি ও বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলের গুরুত্ব অনুযায়ী সদস্যদের কৌশলগতভাবে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া শিল্প এলাকায় সর্বোচ্চ ১৪ প্লাটুন সদস্য মাঠে নেমেছেন। এ ছাড়া রাজধানী ঢাকার মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে ৯ প্লাটুন এবং গাজীপুরের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নারায়ণগঞ্জ ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দুটি বিশেষ টহল দল সার্বক্ষণিক কাজ করছে।

 

শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছে বাহিনীটি। বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বিক মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেখানে অত্যাধুনিক ড্রোন, বিজিবি সদস্যদের শরীরে যুক্ত ‘বডি-ওর্ন ক্যামেরা’ এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ নিয়মিত বিশ্লেষণ করা হচ্ছে।

 

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পোশাক কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের সম্পদের সুরক্ষা, শ্রমিকদের নিরাপত্তা বিধান, যেকোনো ধরনের উসকানি বা নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে শিল্প এলাকাগুলোতে তাদের এই বিশেষ টহল ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…