logo

সময়: ১০:১২, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:১২ অপরাহ্ন

সর্বশেষ খবর

জলবায়ুর প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

Ekattor Shadhinota
১০ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:৪১
photo
জলবায়ুর প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশসমূহ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ ও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো সম্মিলিতভাবে আন্তর্জাতিক ফোরামে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব হবে।

সোমবার (৯ নভেম্বর) বিকালে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত ‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক উচ্চপর্যায়ের নীতিসংলাপে উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এ সংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি শাসনব্যবস্থা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংলাপটি সুইজারল্যান্ড দূতাবাস এবং ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

পরিবেশ প্রতিমন্ত্রী এবং নেচার অ্যান্ড গভর্ন্যান্স পলিসি প্ল্যাটফর্মের (এনজিপিপি) আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিশেষ করে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে ক্রমাগত বিপন্ন করে তুলছে। এ অবস্থায় জনগণের মৌলিক চাহিদা, বিশেষত নিরাপদ পানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিন্ন স্বার্থ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক পরিসরে কার্যকর সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

সংলাপে বক্তারা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ রাজনৈতিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। তাই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অধিকারকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। পানি ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক তথ্য, প্রাকৃতিক অধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে কার্যকর নীতি প্রণয়নের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি বৈশ্বিক পানি সংকট, নদীর স্বাভাবিক প্রবাহের পরিবর্তন এবং জলবায়ু অর্থায়নে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে এবং ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ২০২৬ শেষ হচ্ছে। এ প্রেক্ষাপটে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সহযোগিতা ও সমন্বিত নীতিগত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মূল প্রবন্ধে উপস্থাপিত চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ পানি সরবরাহ খাতে জলবায়ু অর্থায়নে প্রতি এক মার্কিন ডলার অনুদানের বিপরীতে ৭ দশমিক ৭৮ ডলার ঋণ পেয়েছে। এ অবস্থায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন বৃদ্ধির আহ্বান জানানো হয়।

বাংলাদেশের সংসদ সদস্য এবং এনজিপিপির কোর সদস্য মনসুরা আক্তার, এমপি বলেন, সাধারণ মানুষের কাছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মূলত নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব এবং বন্যার ক্ষয়ক্ষতির মাধ্যমে প্রতিফলিত হয়। তিনি মানুষের পানির অধিকার নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনায় অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থায়নের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করা এবং গবেষণালব্ধ তথ্যকে নীতিনির্ধারণ ও বাস্তব বিনিয়োগ পরিকল্পনায় কাজে লাগানোর আহ্বান জানান।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল নদী, জলাভূমি ও ভূগর্ভস্থ পানিসম্পদ সুরক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর যৌথ অংশগ্রহণে টেকসই পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন।

সংলাপে এসময় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…