চলতি লা লিগার মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে মাঠে জয় তুলে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে রোমাঞ্চকর সেই ম্যাচটি যখন ডাগআউটে বসে উপভোগ করছিলেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও, ঠিক সেই সুযোগেই তার বাসায় ঘটে গেল এক বড়সড় চুরির ঘটনা।
এল ক্লাসিকোর উত্তেজনার সুযোগ নিয়ে চোরেরা হানা দিয়ে তার বাসা থেকে প্রায় সাড়ে তিন লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকা) সমপরিমাণ মূল্যের মূল্যবান সম্পদ ও গয়না লুটে নিয়েছে।
ডেইলি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, রাত ৯টা থেকে ১০টার মধ্যে, ম্যাচের প্রথমার্ধের সময়, অন্তত দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অট্টালিকাটির ওপরের তলার একটি ঘরে ঢুকে পড়ে। সে সময় মিলিতাও-এর আত্মীয়রা নিচে খেলা দেখছিলেন, কিন্তু তারা কিছুই লক্ষ্য করেননি। এ সময় তারা মিলিতাওয়ের শোবার ঘর তছনছ করে ফেলে। দামী ব্যাগ, ঘড়ি ও গয়না খোয়া গেছে বাসা থেকে।
এল মুন্দো’র প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে ফিরে মিলিতাও লক্ষ্য করেন তার ৫৩০০০ ইউরো মূল্যের একটি রোলেক্স এবং প্রায় ১৭০০০০ ইউরো মূল্যের একটি রিচার্ড মিল ঘড়ি উধাও। এ ছাড়া প্রায় ১৫০০০ ইউরো মূল্যের তিনটি শ্যানেল ব্যাগ, প্রায় ২৫০০০ ইউরো মূল্যের কার্টিয়ার আংটি ও ব্রেসলেট এবং আরও কিছু গয়না, ব্রেসলেট ও সুটকেস চুরি হয়েছে। সবমিলিয়ে খোয়া যাওয়া জিনিসের মোট মূল্য প্রায় ৩ লাখ ৫০০০০ ইউরো ছাড়িয়ে যাবে।
মিলিতাওয়ের পরিবারের সদস্যরা তখন বাসার নিচ তলায় এল ক্লাসিকো ম্যাচ দেখছিলেন। বাসায় চোর প্রবেশের বিষয় টেরও পাননি তারা। সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে হাই-প্রোফাইল ফুটবলারদের লক্ষ্য করে যে ধারাবাহিক চুরির ঘটনা ঘটছে, এটি তার সর্বশেষ উদাহরণ।
বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পিয়ের-এমেরিক অবামেয়াং ২০২২ সালে একটি সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে, ওই সময় মারধর করা হলে তার চোয়াল ভেঙে গিয়েছিল। এ ছাড়া চলতি মাসে ডাকাতির শিকার হয়েছেন রিয়াল বেটিসের স্ট্রাইকার ট্রয় প্যারট এবং প্যারিস সেন্ট জার্মেইর সাবেক গোলরক্ষক সার্জিও রিকোও।