Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো: নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকার সুলতানা (৩৯) ও তেরখাদিয়া ডাবতলা এলাকার মোঃ আসলাম আলী (৫৫)।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।
মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, প্রায় দুই মাস আগে মনোয়ার হোসেন মানুর সঙ্গে মোবাইল ফোনে সুলতানার পরিচয় হয়। গত রোববার বিকালে সুলতানা তাকে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীর ভাড়া বাসায় দাওয়াত দেন। সেখানে যাওয়ার পর আগে থেকে অবস্থান করা কয়েকজন ব্যক্তি দরজা বন্ধ করে তাকে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।
পরে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ভয়ভীতি ও মারধর করা হয়। পরে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনতে বাধ্য করা হয়। নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৬ হাজার ৭০০ টাকা পাঠানো হলে ২৬ হাজার ৩০০ টাকা উত্তোলন করা হয় এবং আরও টাকা দাবি করে ভুক্তভোগীর কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
মামলার তদন্তে সোমবার বিকালে ওই বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে ১লাখ ৩৪ হাজার টাকা, তিনটি স্ট্যাম্প ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।