Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সুবিধাবঞ্চিত শিশুদের
শিক্ষাদানের ধারা অব্যাহত রাখতে রাজশাহী জাগো ফাউন্ডেশনের
স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারি
খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস
দিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর
আসাম কলোনীতে জাগো ফাউন্ডেশনের স্কুল পরিদর্শনকালে তিনি
এ আশ্বাস দেন।
ভূমিমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত এলাকার স্থানীয় শিশুদের শিক্ষার
অধিকার সুসংগঠিত করা এবং তাদের কর্মসংস্থানমুখী শিক্ষা
কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এ লক্ষ্যে
নতুন রাস্তার পাশে অথবা রেলওয়ের পাশে সুবিধাজনক সরকারি খাস
জমি বরাদ্দের জন্য আবেদন করার পরামর্শ দেন তিনি।
তিনি জানান, এ-সংক্রান্ত আবেদন দ্রুত অনুমোদনের জন্য
রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ পাঠানো হবে।
মতবিনিময় সভায় জানানো হয়, ইউসেফ স্কুলের মাধ্যমে
বর্তমানে প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে
পড়াশোনা করছে। এসব স্কুলের অধিকাংশের কার্যক্রম পরিচালিত
হচ্ছে সিটি করপোরেশনের জায়গায়। ইতিপূর্বে মেয়র থাকাকালে
এসব স্কুলের জন্য তিনটি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে
সহযোগিতা করেছিলেন ভূমিমন্ত্রী।
তবে বর্তমানে কয়েকটি জায়গার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। এর
মধ্যে টিকাপাড়া গোরস্থানের সংলগ্ন জায়গাটিও রয়েছে। ফলে
স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার
প্রয়োজনীয়তার বিষয়টি মতবিনিময় সভায় তুলে ধরা হয়।
পরিদর্শনকালে ভূমিমন্ত্রী জাগো ফাউন্ডেশনের স্কুলের সুন্দর ও
মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি সুবিধাবঞ্চিত
শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। পরে তাদের জন্য বিশেষ
দোয়া অনুষ্ঠিত হয়।