logo

সময়: ১২:২১, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬

২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:২১ অপরাহ্ন

সর্বশেষ খবর

খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

Ekattor Shadhinota
০৮ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১০:৪০
photo
খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সোহেলের উপর পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনাকে মব-এর নাটক সাজিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী ও সাংবাদিক *তারিন আক্তার*।

শুক্রবার ৭ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ক্র্যাব মিলনায়তনে "সত্যের মাধ্যমে ন্যায় বিচার ও আইনের শাসন আদৌ কি সম্ভব" শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে তারিন আক্তার বলেন, "আমি শুধু একজন সাংবাদিক নই, একজন ভুক্তভোগীর স্ত্রীও। আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। " তিনি অভিযোগ করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান ও নির্মাণসাইট দখল, ভয়ভীতি প্রদর্শন এবং কিশোর গ্যাং পরিচালনা করে আসছে। এই চক্র খিলগাঁও, রামপুরা, মতিঝিল, সবুজবাগ ও বিরুলিয়া এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।

তার অভিযোগ, ওই চক্র তার স্বামী সোহেলের ব্যবসা প্রতিষ্ঠান থেকেও মোটা অঙ্কের চাঁদা দাবি করে। অবৈধ দাবি প্রত্যাখ্যান করায় তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা করা হয়।

তারিন আক্তারের ভাষ্যমতে, গত ২৬ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০০টার সময় তার স্বামী বাসার সামনে অবস্থান করছিলেন। এ সময় বিবাদীরা পূর্ববিরোধের জের ধরে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে হত্যার উদ্দেশ্যে তার স্বামীর উপর হামলা চালায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে হামলার পুরো ঘটনা ধারণ রয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, "আমি কোনো ব্যক্তিগত প্রতিশোধ চাই না। আমি চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং প্রকৃত অপরাধীরা বিচারের মুখোমুখি হোক। নিরপরাধ মানুষ যেন আর হয়রানি ও হামলার শিকার না হয়।"

সংবাদ সম্মেলন থেকে তিনি ৭ দফা দাবি জানান। দাবিগুলো হলো- দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রকৃত ঘটনা উদঘাটন করা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজ ও দখলবাজ চক্রের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা, মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা।

সংবাদ সম্মেলনে তিনি মামলার নথি ও অন্যান্য কাগজপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…