নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবেঃ চুয়েট ভিসি
Ekattor Shadhinota
১৭ জুলাই, ২০২৬ | সময়ঃ ১০:৫৫
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবেঃ চুয়েট ভিসি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, আজকের পৃথিবীতে শুধু ডিগ্রি যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন আজীবন শেখার মানসিকতা, গবেষণার আগ্রহ, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা।
প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, নিজেদের জ্ঞান যেন মানবকল্যাণে ব্যবহৃত হয়, প্রযুক্তি যেন মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে আর উদ্ভাবন যেন বাংলাদেশের উন্নয়নকে আরও এগিয়ে নেয়-এই হোক তোমাদের অঙ্গীকার।
আজ ১৭ জুলাই (শুক্রবার) ২০২৬ খ্রিঃ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর প্যাভিলিয়ন হোটেলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই) এর ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এতে স্পীকার ছিলেন সৌদি আরবের ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা এর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নওশাদ আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব আজমল আহমেদ। বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দিব্য জ্যোতি ঘোষ, বৃষ্টি পাল এবং আশরাফুল আলম তামিম।