logo

সময়: ০৬:২০, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:২০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম শুরু

Ekattor Shadhinota
১৩ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৬:১২
photo
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম শুরু

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য বর্তমান সরকারের 'লার্নিং উইথ হ্যাপিনেস' অঙ্গীকারের অংশ হিসেবে দেশব্যাপী শুরু হচ্ছে ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’।

 

এ লক্ষ্যে সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার জন্য গত ১২ জুলাই থেকে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। অন্যদিকে, বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সঙ্গে আসা শিক্ষক প্রতিনিধিদের নিবন্ধন কার্যক্রম গত ৯ জুলাই থেকে শুরু হয়েছে, এটিও ৩০ জুলাই পর্যন্ত চলবে।

 

দেশজুড়ে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। অংশ নিতে আগ্রহী প্রতিযোগীদের নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে লগইন করে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি সম্পন্ন করবেন।

 

আগামী ১ থেকে ৬ আগস্টের মধ্যে প্রতিযোগিতার ফিক্সচার প্রস্তুত করা হবে। এরপর ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের তারিখ পরবর্তীতে জানানো হবে।

 

ইভেন্টসমূহের মধ্যে রয়েছে- একক বিভাগে দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গান, লোকগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা। দলীয় বিভাগে গণসংগীত, সৃজনশীল দলীয় নৃত্য ও বিতর্ক।

 

ইতোমধ্যে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে আগামী ২৩ আগস্ট থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ‘বিভাগীয় পর্যায়ের’ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অ্যাথলেটিক্স ইভেন্টের মধ্যে রয়েছে- ১০০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার স্প্রিন্ট, ৪০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড়, ৫০০০ মিটার দৌড়, ৪×১০০ মিটার রিলে, ৪×৮০০ মিটার রিলে, ১১০/১০০ মিটার হার্ডলস, শটপুট, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, হাই জাম্প, ট্রিপল জাম্প, হ্যামার থ্রো ও পোলভল্ট।

 

দলীয় ইভেন্টের মধ্যে রয়েছে- দাবা (৪ জনের দল), সাঁতার (৮ জনের দল), বাস্কেটবল (১২ জনের দল), ক্রিকেট (১৬ জনের দল), ক্যারাম (৪ জনের দল), হ্যান্ডবল (১২ জনের দল), হকি (১৬ জনের দল), ব্যাডমিন্টন (৪ জনের দল), কারাতে (১২ জনের দল), ফুটবল (১৬ জনের দল), টেবিল টেনিস (৪ জনের দল) এবং ভলিবল (১২ জনের দল)।

 

এ ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সময়সূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…