Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর
ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু হয়েছে।
রবিবার (২১ জুন) সকালে রুয়েটের প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য
অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকের মাধ্যমে এ
কার্যক্রম শুরু হয়।
বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে
বিএইটিই টিম রুয়েটের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে। এ সময়
তারা শিক্ষার মান, অবকাঠামো, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের
জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন কার্যক্রম শেষে আগামী মঙ্গলবার উপাচার্য, অনুষদের
ডিনবৃন্দ ও রেজিস্ট্রারের সঙ্গে সমাপনী সভায় অংশ নিয়ে বিএইটিই
টিম রুয়েট ত্যাগ করবে।
বিএইটিই ইভ্যালুয়েশন টিম প্রকৌশল ও কারিগরি শিক্ষার
মানোন্নয়ন, তদারকি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী
স্বীকৃতি প্রদানে কাজ করে থাকে।
উল্লেখ্য, বিএইটিই’র পূর্ববর্তী মূল্যায়নের পর রুয়েটের
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার
সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পুরকৌশল বিভাগ ৬ বছরের জন্য
মর্যাদাপূর্ণ বিএইটিই অ্যাক্রিডিটেশন অর্জন করেছে। এছাড়া
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাক্রিডিটেশন
অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অ্যাক্রিডিটেশন পাওয়ার ফলে রুয়েটের সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার
মান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপ এবং
বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে
সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি ভবিষ্যতে ওয়াশিংটন অ্যাকর্ড-
এর মতো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথও আরও সহজ হবে।