logo

সময়: ০৫:৪৫, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

Abdul Based
০৯ মার্চ, ২০২৬ | সময়ঃ ০৫:৪৩
photo
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

আবদুল বাসেদ নোয়াখালী -
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরে ঢুকে শিক্ষক দম্পতিকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ ৬৮ হাজার টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম। এর আগে রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরলাল দেবনাথ ও লক্ষীরানী ভৌমিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরলাল দেবনাথ ও মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লক্ষীরানী ভৌমিককে জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ ১২ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। একপর্যায়ে ডাকাতরা শিক্ষক হরলাল দেবনাথকে মারধর করে তার ভাই কান্তি লাল দেবনাথের পাশের বিল্ডিংয়ের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। সেখান থেকে নগদ ৫৬ হাজার টাকা ও আরও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, “শিক্ষক দম্পতির বাড়িতে এমন ডাকাতির ঘটনা খুবই উদ্বেগজনক। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…