আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নেবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২য় ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজ আপনারা এ বিভাগ থেকে অনেকে গ্র্যাজুয়েট হিসেবে বের হচ্ছেন আবার একই সঙ্গে আমরা নতুনদেরও বরণ করে নিচ্ছি। নবীনদের উদ্দেশ্যে বলবো, বদ্ধ পরিবেশ থেকে আপনারা এখন মুক্ত একটি পরিবেশে পদার্পণ করছেন। এখানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সুকুমার বৃত্তিগুলোকে জাগ্রত করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন আপনারা নোবিপ্রবির এম্বাসেডর হিসেবে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করবেন। কর্মজীবনে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা দ্বারা জীবনকে সার্থক করে তুলবেন এ প্রত্যাশা করছি।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলা বিভগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি. মাসুদ রহমান। পরে বিদায়ী এবং নবীন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।