logo

সময়: ১২:৪৪, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন

Ekattor Shadhinota
২৬ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:১৩
photo
রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন

ফজরের নামাজ আদায় করতে বাস থেকে নেমেছিলেন হেলপার। এর কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, দাউ দাউ করে জ্বলছে বাসটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসটি পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির মালিক স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি সড়কের পাশে পার্কিং করে চলে যান। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার হেলাল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও তিনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসমালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে।

দোকানমালিক ইউছুফ আলী বাবু জানান, বাসটি সেখানে পার্কিং করতে নিষেধ করা হলেও চালক তা শোনেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি সিটের ওপর কয়েল দেখতে পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আগুন লাগার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…