logo

সময়: ১১:৩৩, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

দেশের বাজারে টানা কমছে স্বর্ণের দাম, সামনে আরও কমার সম্ভাবনা

Ekattor Shadhinota
২৩ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:২১
photo
দেশের বাজারে টানা কমছে স্বর্ণের দাম, সামনে আরও কমার সম্ভাবনা

দেশের বাজারে টানা দরপতনে ২২ ক্যারেট স্বর্ণের ভরি দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি গ্রামে দাম কমেছে প্রায় ১ হাজার ৯৪০ টাকা। এমন পরিস্থিতিতে স্বর্ণের দাম আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে, তা নিয়ে ক্রেতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আপাতত দাম স্থিতিশীল থাকতে পারে, তবে আরও কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (২২ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৩ টাকা। এর আগের শুক্রবার এক দিনেই ভরিতে দাম কমেছিল ১০ হাজার ৯৫৪ টাকা। একই সঙ্গে কমেছে ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দামও।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ছিল ১৮ হাজার ৬৫৫ টাকা, ভ্যাটসহ। ২২ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১৫ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে প্রতি গ্রামে দাম কমেছে ১ হাজার ৯৪০ টাকা।

শুধু বাংলাদেশের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম কমেছে। বিশ্ববাজারের এই দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলেই যে সব সময় দেশের বাজারে একইভাবে তার প্রভাব পড়বে, বিষয়টি এমন নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তার মতে, স্বর্ণের দাম নির্ধারণে একাধিক অর্থনৈতিক উপাদান কাজ করে। বন্ড, ডলার, তেল ও স্বর্ণের মতো বিনিয়োগের বিভিন্ন মাধ্যমের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। একটির বাজারে বিনিয়োগ বাড়া বা কমার প্রভাব অন্যগুলোর দামেও পড়তে পারে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম জানান, দেশের বুলিয়ন বাজারে পাকা স্বর্ণের দাম এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়।

তার ভাষ্য, দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম তুলনামূলক বেশি ছিল। খনি থেকে স্বর্ণ উত্তোলনের সর্বোচ্চ উৎপাদন খরচ প্রতি আউন্সে প্রায় ২ হাজার ২৫০ ডলার। অথচ আন্তর্জাতিক বাজারে দাম এর চেয়ে অনেক বেশি ওঠায় বড় বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের মুনাফার সুযোগ তৈরি হয়েছিল।

দেওয়ান আমিনুল ইসলাম বলেন, চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫৯৫ ডলার পর্যন্ত উঠেছিল। এর আগে দাম ছিল প্রায় ৩ হাজার ৪৪২ থেকে ৩ হাজার ৪৪৩ ডলার। ফলে প্রতি আউন্সে প্রায় ২ হাজার ডলারের ব্যবধান তৈরি হয়।

তিনি জানান, খাঁটি স্বর্ণ থেকে অলংকার তৈরি করতে হয়। তাই কাঁচামালের দাম বাড়লে গহনার দামও বাড়ে। আবার কাঁচামালের দাম কমলে তার সঙ্গে সমন্বয় করে অলংকারের দামও কমানো হয়।

এদিকে পুরোনো স্বর্ণ বিক্রি ও বিনিময়ের ক্ষেত্রে বাতিলের হারেও পরিবর্তন এনেছে বাজুস। রোববার থেকে পুরোনো গহনা বিক্রির ক্ষেত্রে বাতিলের হার ১৮ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ করা হয়েছে। আর পুরোনো স্বর্ণ দিয়ে নতুন গহনা কেনার ক্ষেত্রে এই হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা নিয়ে দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আপাতত রোববারের নির্ধারিত দামই বহাল থাকার সম্ভাবনা বেশি। তবে সোমবার সকালে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি পর্যালোচনা করলে আগামী কয়েক দিনের দামের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

বাজুসের এই কর্মকর্তা মনে করেন, দীর্ঘদিন উচ্চমূল্যের কারণে যারা গহনা কেনা থেকে বিরত ছিলেন, দাম কমায় তারা আবার কেনাকাটায় ফিরতে পারেন। এতে ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়ায়। এরপর চলতি বছরের জানুয়ারিতে দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়, যা দেশের বাজারে এ পর্যন্ত সর্বোচ্চ। তবে পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে দাম কমতে শুরু করে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…