Abdul Ohab
নিজস্ব প্রতিবেদক:
নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের একটি বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিক্ষক সমাজ ও ছাত্র মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ছাত্রদলকে নিয়ে করা ওই পোস্টে ১৭টি মারাত্মক বানান ভুলসহ অসংখ্য ভাষাগত অসংগতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। একজন দায়িত্বশীল সরকারি কলেজের অধ্যক্ষের পোস্টে এমন নিম্নমানের বানান ও ভাষার ব্যবহার দেখে শিক্ষক ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, সম্প্রতি কলেজের অধ্যক্ষ নাজমা বেগম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছাত্রদলকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেন। পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে লেখার বিষয়বস্তুর চেয়েও নেটিজেনদের নজর কেড়েছে এর মারাত্মক সব ব্যাকরণগত ও বানান ভুল।
বিশ্লেষকদের মতে, একটি সরকারি কলেজের অধ্যক্ষের পদমর্যাদার ব্যক্তির পোস্টে এ ধরনের ভুলের ছড়াছড়ি জাতির ভবিষ্যৎ গঠনে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানের মান নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, যিনি শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও বানানরীতি শেখানোর কথা, তার নিজের লেখাই যদি এমন ভুলভ্রান্তিতে ভরা থাকে, তবে তা অত্যন্ত লজ্জাজনক।
এ বিষয়ে অধ্যক্ষ নাজমা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। শিক্ষাবিদরা মনে করছেন, দায়িত্বশীল পদে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিতর্কিত পোস্ট এবং দায়িত্বজ্ঞানহীন লেখালেখি শুধু প্রতিষ্ঠানের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, বরং শিক্ষার পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।