logo

সময়: ০৮:৪১, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৮:৪১ অপরাহ্ন

সর্বশেষ খবর

বান্দরবানকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরী করা হবে: পার্বত্য মন্ত্রী

Ekattor Shadhinota
২২ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ০৬:২৯
photo
বান্দরবানকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরী করা হবে: পার্বত্য মন্ত্রী

বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

বান্দরবান, ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.।

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য  মন্ত্রী সাচিং প্রু এমপি। এই লক্ষ্য বাস্তবায়নে আজ বান্দরবান পৌরসভার চারপাশের সামগ্রিক পরিস্থিতি স্বচক্ষে পর্যবেক্ষণের উদ্দেশ্যে এক পরিচ্ছন্নতা ও সংস্কার বিষয়ক ঝটিকা পরিদর্শন পরিচালনা করেছেন মন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রী সাচিং প্রু শহরের ফায়ার সার্ভিস ও হাসপাতাল রোড সংলগ্ন সড়কের খানাখন্দ এবং ভগ্নদশা দ্রুত মেরামতের নির্দেশ দেন। এছাড়া ৩ নং ওয়ার্ড কালাঘাটা এলাকার চৌরাস্তা সংলগ্ন বিভিন্ন জায়গায় জমা হওয়া ময়লা-আবর্জনা ও আগাছা দেখে গভীর অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী এবং তাৎক্ষণিকভাবে তা পরিষ্কারের ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরকারি খাসজমি ও সড়কের ওপর অবৈধভাবে গড়ে তোলা সকল উচ্ছেদযোগ্য স্থাপনা দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে দখলমুক্ত করার জন্য বান্দরবানের জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।

পরবর্তীতে মন্ত্রী সাচিং প্রু পৌরসভার রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। সেখানে বিদ্যমান সুপেয় পানির সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ ও নিম্নমানের যাত্রীসেবা এবং সামগ্রিক অব্যবস্থাপনা দেখে তিনি দুঃখ প্রকাশ করেন এবং যাত্রীসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। একই সাথে পর্যটক ও স্থানীয়দের সুবিধার্থে প্রধান ডাকঘরের নিকট থানচি বাস স্ট্যান্ড এবং রুমা বাস টার্মিনাল সংলগ্ন পৃথক দুটি স্থানে অত্যাধুনিক ও পরিচ্ছন্ন 'পাবলিক টয়লেট' নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে বান্দরবান জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী সাচিং প্রু আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সঠিক পরিকল্পনা ও স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতায় অতি দ্রুত বান্দরবান একটি পরিচ্ছন্ন, সুসংগঠিত ও মডেল পর্যটন নগরী হিসেবে আত্মপ্রকাশ করবে।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…