সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে সংস্থাটির বগুড়া জেলা শাখার পক্ষ থেকে বগুড়া জেলা প্রশাসকের কাছে ২০০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল হস্তান্তর করা হয়।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এ সময় ‘আশা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশা-বগুড়া বিভাগের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, বগুড়া (সদর) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, বগুড়া সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আরএম) মোঃ মুরাদুল ইসলাম এবং সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার এস কে ইশতিয়াক আহম্মেদ।
জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ‘আশা’র বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান।
হস্তান্তরকালে ‘আশা’র প্রতিনিধিরা জানান, তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘবে প্রতিবছরই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে সংস্থাটি। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের হাতে দ্রুত এসব কম্বল পৌঁছে দেওয়া হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এদিকে, ‘আশা’র শিক্ষা কার্যক্রমের আওতায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের দুস্থ মানুষের মধ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) আরও ২০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
মানবিক এ উদ্যোগের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়িত্ব পালনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ‘আশা’।