logo

সময়: ১২:০৭, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:০৭ অপরাহ্ন

সর্বশেষ খবর

রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন, ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ

Ekattor Shadhinota
১৯ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৩৩
photo
রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন, ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ


নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল রশিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। পরে তারা গোলাকান্দাইল রশিদ মার্কেট এলাকায় মাসুমের গ্যারেজের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে বলেও দাবি করেন তারা। আকস্মিক এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অগ্নিসংযোগের পর মুহূর্তের মধ্যেই বাস দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম সাংবাদিকদের জানান, তাঁর মালিকানাধীন বাস দুটি সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির কাছাকাছি মাসুমের গ্যারেজে রাখা হতো। গভীর রাতে দুর্বৃত্তরা কী কারণে বাস দুটিতে অগ্নিসংযোগ করেছে, তা তিনি বুঝতে পারছেন না।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে এ ঘটনায় আইনগত পদক্ষেপ ও তদন্তের বিষয়টি প্রতিবেদনে যুক্ত করা হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…