কুমিল্লার চান্দিনায় ফসলি জমি রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ১২টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস এবং প্রায় সাড়ে ৪ হাজার ফুট পাইপলাইন অপসারণ করা হয়েছে।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইঞ্জারুল হক।
অভিযানকালে উপজেলার সুহিলপুর, বাতাঘাসী ও জোয়াগ ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। পাশাপাশি প্রায় সাড়ে ৪ হাজার ফুট পাইপলাইন অপসারণ করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইঞ্জারুল হক বলেন, অবৈধ ড্রেজারের কারণে ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
প্রশাসনের এ অভিযানে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁরা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার কারণে কৃষিজমি এবং বসতভিটা হুমকির মুখে পড়ছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে ফসলি জমি রক্ষা করা সম্ভব হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।