মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধিঃ
স্থানীয় প্রবীণদের কাছ থেকে জানা যায় ১৭০০ শতাব্দীর শেষের দিকে জমিদার রাখাল রাজা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর নামক এলাকায় অর্ধশতাধিক একর জায়গাজুড়ে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। জমিদার রাখাল রাজা ছিলেন খুবই অত্যাচারী।
খাজনা আদায়ের নামে স্থানীয় মুসলমানদের উপর চালাতেন বর্বর নির্যাতন। খাজনার জন্য বহু মুসলমানকে জীবন দিতে হয়েছে তার হাতে।
ঐতিহাসিক প্রাচীন এ স্থাপনাটি অযত্ন, অবহেলা আর সংরক্ষণের অভাবে জৌলুস হারিয়েছে অনেক আগেই। কারুকার্য খচিত জরাজীর্ণ বাসভবন, বৈঠকখানা ও শিব মন্দিরের দেওয়ালজুড়ে বেয়ে উঠছে লতাপাতা।
তবুও দর্শনীয় স্থান হিসেবে প্রাচীন এ বাড়িটি একনজর দেখতে এখনও বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন বিভিন্ন পেশার লোকজন। কেউ টিকটক ভিডিও করছেন, কেউবা প্রিয়জনদের সঙ্গে ছবি তুলছেন।
স্থানীয়রা জানান, জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর বাড়িটি জমিদার রাখাল রাজার বংশধরদের মালিকানাধীন এখন আর নেই। তাদের বংশধর গিরিশ চন্দ্র মজুমদার ও কালা মনা মজুমদার নামে দুই ব্যক্তি বাড়িটি আবদুল মজিদ পণ্ডিত নামে একজনের কাছে প্রায় ৩২ একর সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যায়।
সম্প্রতি সরেজমিন বাড়ির ভেতরে গিয়ে দেখা যায়, প্রবেশ মুখে দুটি সুন্দর কারুকার্য খচিত বৈঠকখানা, একটি পূজার জন্য নির্মিত শিব মন্দির। বৈঠকখানা আর মন্দিরের ৩ ফুট চওড়া দেওয়ালজুড়ে বেয়ে উঠেছে গুল্মলতা। বাড়ির পশ্চিমে দেখা মিলে একটি দোতলা ভবন।
ভবনের ভেতরে ঢুকতেই চোখে পড়ে ময়লা আবর্জনার স্তূপ। প্রতিটি কক্ষে খসে পড়ছে ছাদ ও দেওয়ালের পলেস্তারা। দেওয়ালজুড়ে বেয়ে উঠেছে লতাপাতা। ভবনের একটি কক্ষে নিচের দিকে ছিলো একটি গোপন পথ। যা স্থানীয়রা মাটি দিয়ে ভরাট করে দিয়েছিলো। সম্প্রতি দেখা গেছে কে বা কারা সেই মাটি সরিয়ে ফেলেছে। কথিত রয়েছে বাড়িটিতে জমিদার রাখাল রাজার মূল্যবান সম্পদ লুকানো ছিলো গোপন কক্ষে। হয়তো সেই গোপন গুপ্ত সম্পদ নিতে মাটি সরানো হয়েছে।
এলাকাবাসী জানায় আমরা যখন ছোট ছিলাম তখন নানা ধরনের ফল খাওয়ার জন্য জমিদার বাড়িতে যাওয়া হতো। এখন আর সেখানে কোনো ফলের গাছ দেখা যায়না।
সরকারি-বেসরকারি কোনো ধরনের তদারকি না করায় এটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বাড়িটি সংস্কার করে বাড়িটি সংরক্ষণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।