D.M.R. BABUL
রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর দিনাজপুর:
ময়মনসিংহের ভালুকা থেকে চট্টগ্রামগামী ৩০০ বস্তা গোখাদ্য (ফিড) বোঝাই একটি ট্রাক দিনাজপুরের পার্বতীপুরে বিক্রির চেষ্টার অভিযোগে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
বর্তমানে ট্রাকসহ মালামাল পার্বতীপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলা গেটসংলগ্ন পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১২-০৩১০। জানা গেছে, ‘সুগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’-এর ময়মনসিংহের ভালুকা কারখানা থেকে ৩০০ বস্তা ফিড বোঝাই করে ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে ট্রাকটি দিনাজপুরের পার্বতীপুরে নিয়ে আসা হয়। পরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান করে স্থানীয় একটি ফিড ব্যবসাপ্রতিষ্ঠান ‘অর্পিতা ট্রেডার্স’-এর কাছে এসব মালামাল বিক্রির প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে। এদিকে, সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে চালক ও হেলপারের গতিবিধি এবং অস্বাভাবিক কম দামে মালামাল বিক্রির প্রস্তাব সন্দেহজনক মনে হয়। পরে তিনি বিষয়টি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান সুগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষকে জানান। কোম্পানির পক্ষ থেকে পার্বতীপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হলে এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়।সুগুনা ফুড অ্যান্ড ফিডসের টেরিটরি ইনচার্জ তৌহিদুল হাসান জানান, ভালুকা কারখানা থেকে ৩০০ বস্তা ফিড বোঝাই করে ট্রাকটির চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে ট্রাকটি পার্বতীপুরে চলে আসে। বিষয়টি জানার পর কোম্পানির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। শুনেছি, সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেরাই বিষয়টি আপস-মীমাংসা করে নেওয়ার চেষ্টা করছে। তারা অভিযোগ বা মামলা না করলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।’অন্যদিকে, একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি আপস-মীমাংসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে কীভাবে এবং কী শর্তে বিষয়টির নিষ্পত্তি হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকসহ ৩০০ বস্তা ফিড পার্বতীপুর মডেল থানা পুলিশের হেফাজতে আছে।