রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে মশক নিধন অভিযান পরিচালিত
রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আনারকলি সুপার মার্কেট ও সিদ্ধেশ্বরী এলাকায় মশক নিধন অভিযান পরিচালিত হয়। মশক নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
এসময় তিনি বলেন, "জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে আমাদের প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে সচেতন ও সচেষ্ট হতে হবে। "
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান এবং ১৯নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার সুমনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে মশক নিধন কার্যক্রম পরিচালনাকালে সোসাইটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনসচেতনতার জন্য আবদুস সাত্তার সুমন বলেন, "ডেঙ্গুর প্রকোপ থেকে আমাদের এলাকার মানুষকে নিরাপদ রাখতে এবং একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই আমাদের এই মশক নিধন অভিযান। এলাকাবাসীর সহযোগিতা পেলে আমাদের এই সামাজিক কার্যক্রম আরও বেগবান হবে। "
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকায় মশার উপদ্রব কমাতে এবং স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম ও মশক নিধন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।