logo

সময়: ০৩:১৭, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

উন্নয়নের বিনিময়ে ধানের শীষে ভোট চাইলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Ekattor Shadhinota
৩০ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:১৫
photo
উন্নয়নের বিনিময়ে ধানের শীষে ভোট চাইলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন,‘ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড-চাকরি দেওয়াসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য যা যা করার আমরা করবো। এর বিনিময়ে ভোট দিতে হবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে। এসময় তিনি বলেন, বেহেশতের লোভ দেখিয়ে নয়, বিদ্যুৎ-গ্যাস, রাস্তাঘাট, শিক্ষা ও খেলাধুলাসহ উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরেই জনগণের কাছে আবার ভোট চাইবে বিএনপি।

সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে জেলা পরিষদের উদ্যোগে ঘর নির্মাণ ও পুনর্বাসনের কর্মসূচি নেওয়া হয়েছে। এ জন্য পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘যেখানে ব্যর্থ হয়েছি, আমরা দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি। কারণ, জনগণের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির পরিবর্তনে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সময় নিয়ে কাজ করছে। বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করে পাঁচ বছর পর জনগণের কাছে আবারও ভোট চাইতে যাব।’

মীর শাহে আলম আরও বলেন, ‘বাইশ কিলোমিটার রাস্তার জন্য আমরা বাইশ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। একটি রাজনৈতিক সরকার এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে। এখানে আমাদের রাজনৈতিক ভাবে কিছু স্বার্থ আছে। স্বার্থ কি?- আমাদের মনোনীত প্রার্থীকে আপনারা এমপি বানাবেন, আমাদের মনোনীত প্রার্থীকে আপনারা উপজেলা চেয়ারম্যানে, ইউনিয়ন  চেয়ারম্যানে ভোট দেবেন। আমাদের মনোনীত প্রার্থীকে আপনারা পৌরসভার মেয়রে ভোট দেবেন- ঠিক কি না। বিগত নির্বাচনে কী হয়েছে, না হয়েছে আমরা সবাই জানি। এ প্রসঙ্গে বাববার কথা বলে মনের বেদনাকে ওপরে নিয়ে আসার দরকার নাই। কষ্ট শুধু আপনাদের মধ্যে নাই, সাইফুল, এমদাদসহ আরও যারা এমপি হয় নাই এ কষ্ট আমাদের মনেও আছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের হৃদয়ের মধ্যেও আছে। এই ৬ মাসে যে টুকু হয়েছে, এরমধ্যে আমরা এখানে বাইশ কোটি টাকা দিয়েছি। সামনে কিছু পরীক্ষা আছে আপনাদের, ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে সাইফুল যাদের মনোনয়ন দিবে চেয়ারম্যান হিসেবে সেই লোকগুলোকে আপনাদের নির্বাচন করতে হবে। যদি এলাকার এবং মানুষের উন্নয়ন চান। উপজেলা চেয়ারম্যান বানাতে হবে বিএনপি থেকে, পৌরসভার মেয়র বানাতে হবে বিএনপি থেকে। তবেই ভেন্ডারবাড়ি উপজেলা হবে। বাকি রাস্তা হবে, দরগার উন্নয়ন হবে, মানুষের ভাগ্য উন্নয়ন হবে। একটি রাজনৈতিক সরকারের মানুষের সাথে আমাদের লেনদেনের সম্পর্ক। কথা স্পস্ট।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব, কৃষক কার্ড দেব, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেব, চাকরি দেব, স্বাস্থসেবা দেব, খাল খনন করবো, রাস্তা-ঘাট-ব্রিজ… অর্থনৈতিক উন্নয়নের জন্য যা যা করার আমরা করবো। এর বিনিময়ে আমাদের দাবি একটাই, ভোট দিতে হবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে। এটা যদি না করেন তাহলে সরকার, আমরা অসন্তুষ্ট হবো। তখন আর নতুন নতুন রাস্তার ভিত্তি প্রস্তরের জন্য আমরা আর আসব না।’ 

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে, যারা ধর্মের ব্যবহার করে। তারা এ অঞ্চলেও বেহেশতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চেয়েছিল। আমি শুধু এটুকু বলতে চাই, আমরা আপনাদের বেহেশতের গ্যারান্টি দিতে পারবো না। বেহেশত দেওয়ার জন্য মহান আল্লাহ প্রদত্ত কোরআন, হাদীস এবং নবী করিম (সা:) এর যে অছিয়ত নছিয়ত আছে সেটা পালন করেই আপনাদের বেহেশতে যেতে হবে। আমরা আপনাদের উন্নয়নের গ্যারান্টি দিতে চাই।’  

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। ওই সময় জামায়াতের নেতাদের ‘রাজাকারের’ পরিচয় থেকে বের করে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বর্তমানে জামায়াত সেই বিষয়টি ভুলে গেছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন ও বিএনপি নেতা মিশকাতুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…