Masud Rana
মাসুদ রানা রাব্বানী,রাজশাহী : রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে অনুমোদনহীন অলিভ অয়েল ও ব্রেড জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব পণ্য বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নগরীর শালবাগানসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেকের নেতৃত্বে অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তারা অংশ নেন।
শালবাগান বিজিবি গেট এলাকার কনক কনফেকশনারিতে পণ্য যাচাইয়ের সময় অনুমোদনহীন অলিভ অয়েল ও ব্রেড পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে সরবরাহকারীকে সাত কর্মদিবসের মধ্যে বিএসটিআই কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
অভিযানে শালবাগান কাঁচাবাজারের মাছ, মাংস, ফল ও সবজির দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র পরীক্ষা করা হয়। পরিমাপ সঠিক পাওয়ায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ভোক্তাদের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং অনুমোদনহীন পণ্য বিক্রি না করতে নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে শালবাগানের মেসার্স আলম ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল সরবরাহের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। এ জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেক বলেন, নগরীতে গুণগত মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন মেনে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর স্বার্থে আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে।
অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগের সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ আজিজুল হাকিমের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।