logo

সময়: ০২:০৬, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:০৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে গাজীপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

Ekattor Shadhinota
১৫ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৩০
photo
ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে গাজীপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে গাজীপুরে জামায়াতের বিশেষ দায়িত্বশীল সমাবেশ

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে গাজীপুর হয়ে রংপুর পর্যন্ত রোডমার্চ ও সমাবেশ সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে ‘বিশেষ দায়িত্বশীল সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে গাজীপুরের ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরীর সোনারতরী কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘২৪-এর গণআন্দোলনের মূল লক্ষ্য ছিল সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য একটি মানবিক বাংলাদেশ গড়া। ’ সেই প্রত্যাশার ধারাবাহিকতায় দীর্ঘ এক বছর ৩৩টি রাজনৈতিক দল আলোচনা-পর্যালোচনা করে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রণয়ন করে এবং দেশের জনগণ গণভোটে এর পক্ষে রায় দেয় বলে তিনি উল্লেখ করেন।  

তিনি আরও বলেন, পরবর্তীতে জাতীয় সংসদে সংস্কার প্রস্তাব ও শপথ বাস্তবায়িত না হওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও অসীম দলীয়করণের ফলে সৃষ্ট সংকটের কারণে ১১ দল সাত দফা দাবিতে রাজপথে আন্দোলন শুরু করতে বাধ্য হয়েছে।  

এডভোকেট জুবায়ের বলেন, গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৮টায় ঢাকা থেকে গাজীপুর হয়ে রংপুর পর্যন্ত ঐতিহাসিক রোডমার্চ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে গাজীপুর থেকে লক্ষাধিক মানুষের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব বলেন, “অনেকেই বলছেন- অল্প সময়েই আমরা অধৈর্য হয়ে গেছি। অথচ গত ১৭ বছর ধরেই মানুষ অধৈর্য হয়ে আছেন। মানুষের দুঃখ-কষ্ট এখনো লাঘব হয়নি। দেশবাসী তাদের অধিকার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। 

গাজীপুর জেলা আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “জুলাই গণহত্যার বিচার এখন বিচারহীনতার দিকে যাচ্ছে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান ও মুহাম্মদ হোসেন আলী, জেলা নায়েবে আমীর আব্দুল হাকিম, গাজীপুর সিটি করপোরেশন মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, জেলা সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল মোস্তাফিজুর রহমানসহ জেলা ও মহানগরের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…