logo

সময়: ০১:৩৭, সোমবার, ২৭ জুলাই, ২০২৬

১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

অধিভুক্ত কলেজগুলোতে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

Ekattor Shadhinota
২৬ জুলাই, ২০২৬ | সময়ঃ ১১:০৯
photo
অধিভুক্ত কলেজগুলোতে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

সাইবার অপরাধ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সম্পর্কে সময়োপযোগী জ্ঞান অর্জনের লক্ষ্যে সারাদেশের অধিভুক্ত কলেজগুলোতে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। আজ রবিবার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন এবং লালমাটিয়া কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব উদ্বোধন করেন ।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির ‘সাইবার সিকিউরিটি ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত “STAYING SAFE ONLINE: PROTECT YOURSELF FROM CYBERCRIMES” শীর্ষক বিশেষ সচেতনতামূলক সেমিনারে ভাইস-চ্যান্সেলর বলেন, "বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বহুমাত্রিক রূপ ধারণ করেছে। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, আর্থিক জালিয়াতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার সচেতনতার প্রয়োজনীয়তাও তত বেশি গুরুত্ব পাচ্ছে। "

 

তিনি বলেন, "একটি দেশের ডিজিটাল অগ্রগতি তখনই অর্থবহ হয়, যখন তার নাগরিকরা নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হন। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা, তথ্যের নিরাপত্তা এবং ডিজিটাল আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সচেতনতার অভাবেই অধিকাংশ মানুষ সাইবার অপরাধের শিকার হন। "

 

ড. আমানুল্লাহ বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার সচেতনতা বিষয়ক নিয়মিত সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে। প্রযুক্তির সুফল কাজে লাগাতে হলে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।"

 

শিক্ষার্থীদের উদ্দেশে ভাইস-চ্যান্সেলর বলেন, "অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকতে হবে, অচেনা লিংক বা বার্তায় সাড়া দেওয়া থেকে বিরত থাকতে হবে, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার ও দ্বি-স্তরবিশিষ্ট নিরাপত্তা (Two-Factor Authentication) নিশ্চিত করতে হবে। একটি সচেতন প্রজন্মই পারে সাইবার অপরাধমুক্ত, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে।"

 

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতামূলক প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা ও বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম পিপিএম। সেমিনারে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স এন্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম। সেমিনারটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. মহিবুল হাসান এবং সম্পাদক মো. দেলোয়ার হোসেন সামী।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…