স্টাফ রিপোর্টার:
ঢাকা, ৫ মে ২০২৬
সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে ‘ইসলামী সমাজ’। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত এই সমাবেশ থেকে সংগঠনটির আমীর সৈয়দ হুমায়ূন কবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপসহ সংশ্লিষ্টদের বরাবর লিখিত চিঠি প্রদানের ঘোষণা দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শাসনব্যবস্থায় আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তাদের দাবি, মানব রচিত আইন ও ব্যবস্থার পরিবর্তে ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হলে জাতীয় জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব।
সংগঠনের আমীর সৈয়দ হুমায়ূন কবীর বক্তব্যে বলেন, বর্তমান শাসনব্যবস্থার কারণে সমাজে নানা ধরনের অস্থিরতা ও সংকট তৈরি হচ্ছে। তিনি ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সকলকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে ইসলাম প্রচার ও সমাজ গঠন আন্দোলন জোরদারের কথা তুলে ধরা হয়।
সমাবেশ শেষে তিনটি পৃথক টিম গঠন করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পৌঁছে দেওয়া হয়। প্রথম টিম সোলায়মান কবীরের নেতৃত্বে বঙ্গভবনে, দ্বিতীয় টিম মুহাম্মাদ ইউসুফের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং তৃতীয় টিম মুহাম্মাদ ইয়াছিনের নেতৃত্বে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে চিঠি প্রদান করেন।
সংগঠনটি জানায়, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে দাওয়াতমূলক ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে।