logo

সময়: ০৬:১১, শনিবার, ০২ মে, ২০২৬

১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:১১ অপরাহ্ন

সর্বশেষ খবর

রুয়েটের তিন বিভাগে BAETE স্বীকৃতি; বৈশ্বিক মানের শিক্ষায় নতুন অগ্রযাত্রা

Masud Rana
০১ মে, ২০২৬ | সময়ঃ ১১:১৭
photo
রুয়েটের তিন বিভাগে BAETE স্বীকৃতি; বৈশ্বিক মানের শিক্ষায় নতুন অগ্রযাত্রা

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আবারও শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি শীর্ষ বিভাগ—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) এবং পুরকৌশল (CE)—৬ বছরের জন্য BAETE (Board of Accreditation for Engineering and Technical Education) কর্তৃক অ্যাক্রেডিটেশন লাভ করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত সেক্টোরাল কমিটির বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়। জানা গেছে, এই ৬ বছরের মেয়াদের মধ্যে ৩ বছর পর একটি মধ্যবর্তী পুনর্মূল্যায়ন (re-evaluation) অনুষ্ঠিত হবে, যাতে মান বজায় রাখা নিশ্চিত করা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, এবারে মোট চারটি বিভাগ অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগও সকল ধাপ সফলভাবে সম্পন্ন করলেও পর্যবেক্ষক দলের চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন দাখিলে বিলম্ব হওয়ায় বিষয়টি সর্বশেষ বৈঠকে উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টদের আশা, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে এ বিভাগটিও স্বীকৃতি পাবে।

এই অ্যাক্রেডিটেশন অর্জনের ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এর ফলে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদনকালে অধিক গ্রহণযোগ্যতা পাবে এবং স্কলারশিপ অর্জনের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

এছাড়া নিয়মিত মান যাচাই ও কারিকুলাম উন্নয়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান ধরে রাখার সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে Washington Accord-এর মতো আন্তর্জাতিক স্বীকৃতি কাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হলে, এই অর্জন শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রবেশের পথ আরও সহজ করে দেবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাফল্য রুয়েটের একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিকতারই প্রতিফলন এবং এটি অন্যান্য বিভাগগুলোর জন্যও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…