শহীদ আবু সাঈদকে গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তার বাড়িতে নতুন ঘর নির্মাণ, বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়ি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে এখানে এসেছি আমি। শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে এ বাড়ির মধ্যে ঘর নির্মাণ, তার বাবা মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য আমি প্রাথমিক পর্যায়ে মামনীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এক কোটি টাকা ঘোষণা করছি। ’
মীর শাহে আলম বলেন, আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্যও এটি অনুপ্রেরণা হয়ে থাকবে। তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারা দেশের মানুষকে রাজপথে নামিয়েছিল, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তার আত্মত্যাগ তরুণদের মাঝে, সমাজের মাঝে এবং ছাত্র-জনতার মাঝে একটি আন্দোলনকে প্রজ্বালিত করেছিল। সেই আন্দোলনে সারা দেশের লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল।
উত্তরাঞ্চলের মানুষের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, স্বাস্থ্য কার্ড, খাল খনন, কর্মসংস্থান ও খেলাধুলার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদ গণঅভ্যুত্থানের বীর। তার স্মৃতি আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে চায় সরকার। এক কোটি টাকার এই উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ।
তিনি জানান, আবু সাঈদের বাড়ির উন্নয়ন ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে বরাদ্দ করা এক কোটি টাকার কাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া রংপুর স্টেডিয়ামকে শহীদ আবু সাঈদের নামে করার আগ্রহের কথাও জানান প্রতিমন্ত্রী। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতোমধ্যে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।