জীবনের একষট্টি বছর বয়সে আবারো বিয়ে করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার হবু স্ত্রী প্রেমিকা গৌরি স্প্র্যাট।
দীর্ঘদিনের প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই গাঁটছড়া বাঁধবেন এ সুপারস্টার।
এ নিয়ে বলিপাড়ায় বিগত কয়েকদিনের গুঞ্জনের সতত্য নিশ্চিত করলেন অভিনেতা নিজেই। ভ্যারাইটি ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আমির খান।
এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘বিয়ের খবরটি সত্য। আমাদের বিয়ে ৫ জুলাই। ’
এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে আমির খান বলেছিলেন, তাদের সম্পর্কে বিয়ে কোনো জরুরি বিষয় নয়। কারণ তারা একসঙ্গে নতুন একটি বাড়িতে সুখে বসবাস করছেন।
এ বিষয়ে আমির খান বলেন, ‘হ্যাঁ, সেটি সত্যি ছিল। কিন্তু এখন আমরা দুজনেই মনে করছি, আমাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।’
সুখের সময় পার করছেন- উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখন অনেক শান্তিতে আছি। গৌরি এবং আমি পরস্পরের প্রতি খুবই আন্তরিক, আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা একে অপরের সঙ্গী, আমরা একসঙ্গে আছি। হৃদয় থেকে আমি গৌরির সঙ্গে বিবাহিত বলে মনে করি। তাই এই একসঙ্গে থাকার সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়াটা আমাদের অংশীদারিত্বের স্বাভাবিক অগ্রগতি বলেই মনে হচ্ছে।’
ব্যক্তিগত জীবনে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। পরবর্তীতে ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়।
এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে পারস্পরিক সমঝোতায় আলাদা হওয়ার ঘোষণা দেন দুজন।
আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। তবে দুই বছরের বেশি সময় আগে নতুন করে যোগাযোগ হয় তাদের। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল।