উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬
উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা


মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ

 কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচির এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  
কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার তরুণ-তরুণী, সম্ভাবনাময় উদ্যোক্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।  
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সাকিউর রহমান, যমুনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। যমুনা ব্যাংক মনোহরগঞ্জ শাখার ম্যানেজার নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ডাচ বাংলা ব্যাংকের মনোহরগঞ্জ সাব ব্রাঞ্চের নির্বাহী অফিসার নয়ন চন্দ্র নাথের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু, সেক্রেটারি মাওলানা আবদুল হাই, সোনালী ব্যাংক মনোহরগঞ্জ শাখার ম্যানেজার সাইদুল ইসলাম।   

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা প্রদান করা গেলে তারা নিজেদের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংক তাদের মাঝে জামানত বিহীন ২০ লাখ টাকা ঋণ প্রদান করে নতুন উদ্যোগক্তাদের উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।