যশোরের কেশবপুর উপজেলার হাসানপুরে বিএনপি নেতা মাহবুব মল্লিকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে ওই অফিসের ঘর মালিক ও হাসানপুর বাজার কমিটির সভাপতি মঞ্জুর আলম পলাশের বাড়ির সামনেও বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গতকাল রাতে এ ঘটনা ঘটে। বিএনপি নেতা মাহবুব মল্লিক জানান, তিনি ওই ব্যক্তিগত অফিসে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালনা করেন। ঘটনার দিন রাতেও অফিস বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরে ঘর মালিক মঞ্জুর আলম পলাশের ফোন পেয়ে অফিসের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন।
মাহবুব মল্লিকের ধারণা, ১৯ নভেম্বরকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচারের দাবি জানান।
হাসানপুর বাজার কমিটির সভাপতি মঞ্জুর আলম পলাশ জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি নিজের বাড়ির সামনে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে মাহবুব মল্লিকের ব্যক্তিগত অফিসের সামনেও বিস্ফোরণের চিহ্ন দেখতে পেয়ে তাঁকে ফোনে বিষয়টি জানান। এরপর পুলিশকে অবহিত করা হয়।
হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন জানান, যে স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় নয়। এটি বিএনপি নেতা মাহবুব মল্লিকের ব্যক্তিগত অফিস। সেখানে তিনি ব্যক্তিগতভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতেন। এ ধরনের ঘটনা উদ্বেগজনক উল্লেখ করে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।
খবর পেয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
একই রাতে দুটি স্থানে এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তবে বিস্ফোরণের কারণ, বোমাসদৃশ বস্তুটির প্রকৃত পরিচয় এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।