দুর্যোগ মোকাবিলায় প্যারামেট্রিক বীমার অভিন্ন মানদণ্ড তৈরি করবে আইডিআরএ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬
দুর্যোগ মোকাবিলায় প্যারামেট্রিক বীমার অভিন্ন মানদণ্ড তৈরি করবে আইডিআরএ

 সারা দেশে দুর্যোগের ক্ষতি মোকাবিলায় প্যারামেট্রিক বীমা চালুর জন্য অভিন্ন মানদণ্ড তৈরি করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতে বীমা পণ্যের নকশা, ক্ষতিপূরণ পাওয়ার শর্ত এবং তথ্যের উৎস নির্ধারণ করা হবে।  ১৬ এবং ১৭ নভেম্বর ২০২৬ সোমবার রাজধানীর আইডিআরএ সম্মেলনকক্ষে ‘দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।  


আইডিআরএ চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় চলমান যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এসব মানদণ্ড তৈরি করা হবে। তিনি জানান, যমুনা প্রকল্পের আওতায় তিন বছর মেয়াদি প্যারামেট্রিক বীমার পরীক্ষামূলক কার্যক্রম চলছে। প্রকল্পটির এক বছরের বেশি সময় পার হয়েছে। এ সময়ে অর্জিত অভিজ্ঞতা সংরক্ষণ এবং তার ভিত্তিতে মানদণ্ড তৈরির কাজ শুরু হয়েছে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, পরীক্ষামূলক প্রকল্প শেষ হওয়ার পর অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের অন্য এলাকায় প্যারামেট্রিক বীমা চালু করা যাবে। এতে নতুন করে পরীক্ষামূলক প্রকল্পের প্রয়োজন এড়ানোই তাদের লক্ষ্য।


প্যারামেট্রিক বীমায় নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে পূর্বনির্ধারিত অর্থ পরিশোধ করা হয়। এসব শর্তকে বলা হয় ‘ট্রিগার’। যমুনা প্রকল্পে বন্যার পানির উচ্চতা যাচাইয়ে পানি উন্নয়ন বোর্ডের তথ্য ব্যবহার করা হচ্ছে। তবে বন্যার পর পরিস্থিতি যাচাইয়ের পদ্ধতি আরও উন্নত করার কাজ চলছে বলে জানান তিনি।


বেসরকারি বীমা কোম্পানিগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে মীর নাদিয়া নিভিন বলেন, পণ্যের নকশা, ক্ষতিপূরণের শর্ত ও তথ্যের উৎস অভিন্ন মানদণ্ড অনুযায়ী নির্ধারণ করা হবে। প্রিমিয়াম নির্ধারণেও নির্দিষ্ট মানদণ্ড অনুসরণের পরিকল্পনা রয়েছে। কোনো কোম্পানি নিজের মতো করে এসব শর্ত পরিবর্তন করতে পারবে না।


তবে ক্ষতিপূরণ দেয়ার সময় ও অর্থ পরিশোধের মাধ্যমের মতো সেবায় কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতার সুযোগ থাকতে পারে। এ ক্ষেত্রে দ্রুত ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত, তা যাচাইয়ের কথাও বলেন তিনি।


আইডিআরএ চেয়ারম্যান বলেন, সারা দেশে প্যারামেট্রিক বীমা সম্প্রসারণে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার ভর্তুকি দিয়ে এ ধরনের বীমা চালু করতে পারে। বেসরকারি কোম্পানিগুলোও নির্ধারিত মানদণ্ড মেনে বীমা পণ্য বাজারে আনতে পারবে।


তিনি বলেন, বাংলাদেশে প্রায় প্রতিবছর বন্যা ও তাপপ্রবাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এসব দুর্যোগের আর্থিক ক্ষতির বড় অংশ সরকারকে বহন করতে হয়। বীমা ও পুনর্বীমার মাধ্যমে এ ঝুঁকির একটি অংশ বীমা ও পুনর্বীমা খাতে স্থানান্তর করা সম্ভব।
নতুন বীমা পণ্য পরীক্ষার জন্য আইডিআরএ একটি ‘রেগুলেটরি স্যান্ডবক্স’ তৈরি করেছে বলেও জানান মীর নাদিয়া নিভিন। এটি নতুন বীমা পণ্য পরীক্ষার একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা। এর মাধ্যমে তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগভিত্তিক বীমা পণ্য পরীক্ষা করা হবে। কার্যকারিতা যাচাইয়ের পর এসব পণ্যের জন্য মানদণ্ড তৈরি করে বাজারে আনার উদ্যোগ নেয়া হবে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, এতদিন বীমা খাতের নিয়ন্ত্রণমূলক কাজে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এখন নতুন বীমা পণ্য উদ্ভাবন ও খাতের উন্নয়নেও গুরুত্ব দেয়া হচ্ছে।