পিজি হাসপাতালে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি।

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬
পিজি হাসপাতালে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি।

 

স্টাফ রিপোর্টার,ঢাকাঃ
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ—সাবেক পিজি) হাসপাতালের অভ্যন্তরে পেশাগত দায়িত্ব পালনের অপেক্ষায় থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ সকাল ১১টা ৩৬ মিনিটে হাসপাতালের অভ্যন্তরে ব্লক বি ও এ মাঝামাঝি টতলায় এই নেক্কারজনক ঘটনা ঘটে।

হামলার পর ওই সাংবাদিককে এই ঘটনার নিউজ করলে জানে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আক্রমণের শিকার সাংবাদিক সোহেল রানা জানান, আজ সকালে তিনি তার সহকর্মী ও আরেক সাংবাদিক এস এম রিয়েল রোমানের জন্য হাসপাতালের বটতলায় বসে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় লোক সেখানে এসে পাশে বসে থাকা সাধারণ মানুষের পরিচয় জিজ্ঞাসা করতে শুরু করে এবং মোবাইলে তাদের ছবি ধারণ করে।

একপর্যায়ে ওই ব্যক্তিরা সাংবাদিক শুভর দিকে তেড়ে আসে এবং জোরপূর্বক তার ছবি তোলার চেষ্টা করে। শুভ এর কারণ জানতে চাইলে তারা অকথ্য গালিগালাজ করতে করতে তার পরিচয় দাবি করে।

তখন শুভ নিজের সাংবাদিক পরিচয় দেন এবং প্রাতিষ্ঠানিক আইডি কার্ড তাদের দেখান। অভিযুক্ত ব্যক্তিরা তার আইডি কার্ডের ছবি মোবাইল ফোনে তুলে নেয় এবং তাকে অবিলম্বে সেখান থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়।

ঘটনার বিবরণ দিয়ে শুভ বলেন, "তারা যখন চলে যেতে বলে, তখন আমি তাদের একটু ভদ্রভাবে কথা বলার অনুরোধ জানাই। এতেই তারা ক্ষিপ্ত হয়ে চিৎকার শুরু করে। আমি তখন উঠে দাঁড়াতেই ৭/৮ জন সন্ত্রাসী কায়দায় আমাকে চারদিক থেকে ঘিরে ধরে এলোপাথাড়ি কিল,ঘুষি,চড় মারতে শুরু করে।"

এ হামলার শিকার হওয়ার পর শুভ হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান এবং সহায়তা চান। একজন আনসার সদস্য আতিয়ার তাকে সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা উল্টো ওই আনসার সদস্যকেই সেখান থেকে চলে যাওয়ার জন্য চাপ দেয়।

একপর্যায়ে তারা হইচই করে পরিস্থিতি উত্ত্যক্ত করলে আনসার সদস্য সেখানথেকে সরে যান। আনসার চলে যাওয়ার পর হামলাকারীরা সাংবাদিক শুভকে কিল,ঘুষি,চড় মেরে চরম হেনস্তা করে। এ সময় সন্ত্রাসী হামলাকারীরা চিৎকার করে বলতে থাকেন "বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে(নিউজ করলে) তোকে জানে মেরে ফেলবো"।

এই ঘটনার পর নিরাপত্তা স্বার্থে সাংবাদিক সোহেল রানা দ্রুত নিকটস্থ থানায় উপস্থিত হন এবং ডিউটি অফিসারের কাছে ঘটনার বিস্তারিত জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হাসপাতাল প্রাঙ্গণে একজন গণমাধ্যমকর্মীর ওপর এমন ন্যক্কারজনক হামলা ও হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মী ও সাংবাদিক সমাজ। তারা সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।