বগুড়ায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬
বগুড়ায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬

বগুড়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬; মশা নিধনে কার্যকারিতা নিয়ে প্রশ্ন

মীর মোঃ রাকিব হাসান
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া, ১১ নভেম্বর ২০২৬:

বগুড়ায় ক্রমেই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৮ জন। সরকারি হিসাবে ডেঙ্গুতে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।

শহরের রহমাননগর, মালতিনগর, জলেশ্বরীতলা, কাটনারপাড়া ও সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ফগার মেশিন দিয়ে নিয়মিত ধোঁয়া ছিটানো হলেও মশার উপদ্রব কমছে না। দিনের বেলাতেও মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন নগরবাসী।

রহমাননগর এলাকার বাসিন্দা সাংবাদিক মতিউল ইসলাম সাদী জানান, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যও আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আশপাশের অনেক বাড়িতেও একাধিক ডেঙ্গু রোগী রয়েছেন বলে তিনি জানান।

হাসপাতালভিত্তিক তথ্যে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ২৬ জন এবং টিএমএসএস হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ধুনটে ২৪৬ জন ও শেরপুরে ২০৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, লোকবল সংকট থাকলেও প্রতিদিন ফগার মেশিন ও স্প্রে মেশিনের মাধ্যমে মশা নিধন এবং লার্ভা ধ্বংসের কার্যক্রম চলছে। পরিচ্ছন্নতা কার্যক্রমও অব্যাহত রয়েছে। অবহেলার অভিযোগ সঠিক নয়।

অন্যদিকে, বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে এবং মশারি ব্যবহার করতে হবে। পাশাপাশি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখতে হবে।

ডেঙ্গুর বিস্তার রোধে এখন শুধু ফগার মেশিনে ধোঁয়া ছিটানো নয়, মশার প্রজননস্থল ধ্বংস, আক্রান্ত এলাকাভিত্তিক নজরদারি এবং মশা নিধন কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সচেতন নগরবাসী।