তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযান: ২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬
তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযান: ২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কৈলাশ চন্দ্র সাহা ওরফে সতিশ ওরফে কলেজ (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভজনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভজনপুর (ডাঙ্গী) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. হাসিবুল হাসানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় কৈলাশ চন্দ্র সাহার দেহ তল্লাশি করে তাঁর পরিহিত ফুলপ্যান্টের ডান পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২ দশমিক ৫ গ্রাম।

অভিযান শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হাসিবুল হাসান বাদী হয়ে এজাহার দায়ের করেন। পরে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকবিরোধী এ অভিযানের ঘটনায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয়রা।