ব্যালন ডি’অর জিতেও বর্ষসেরা একাদশে জায়গা হয়নি কেইনের, আছেন মেসি

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬
ব্যালন ডি’অর জিতেও বর্ষসেরা একাদশে জায়গা হয়নি কেইনের, আছেন মেসি

২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু বায়ার্ন মিউনিখে খেলা সেই ইংলিশ তারকার জায়গা হয়নি ফিফপ্রোর বর্ষসেরা একাদশে। কেইনের জায়গা না হলেও বর্ষসেরা একাদশে আছেন লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। সেই সঙ্গে রেকর্ড ১৮তম বারের মতো ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি।  

ফিফপ্রো মূলত পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি ৬০ হাজারের বেশি ফুটবলারের প্রতিনিধিত্ব করেন। এই প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে প্রতি বছর ছেলেদের বর্ষসেরা একাদশ নির্বাচন করে আসছে। সেই একাদশকে ‘ওয়ার্ল্ড ১১’ বলা হয়।


২০২৬ সালের ‘ওয়ার্ল্ড ১১’ নির্বাচনে ভোট দিয়েছেন ৭৩ দেশের ১৯ হাজার ৮০৬ জন ফুটবলার। সেই ফুটবলাররা আক্রমণভাগে চারজন ফরোয়ার্ড বেছে নিলেও সেখানে সুযোগ মেলেনি গত মৌসুমে ৭৩ গোল করা কেইনের। 

অবশ্য টানা দুই বছরের বিরতির পর আবারও একাদশে ফিরেছেন মেসি। ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে ১৮ বছরই ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা পেলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।


মেসির মতো একটা রেকর্ডে নাম উঠেছে লামিন ইয়ামালেরও। প্রথম ফুটবলার হিসেবে ২০ বছর পূর্ণ হওয়ার আগেই দুবার এ একাদশে জায়গা পেলেন স্প্যানিশ উইঙ্গার।

এবারের একাদশে মধ্যমাঠে বেলিংহামের সঙ্গে জায়গা পেয়েছেন রদ্রি ও ভিতিনিয়া। রক্ষণভাগে বার্সার পাউ কুবার্সির সঙ্গে আছেন পিএসজির দুই ডিফেন্ডার আশরাফ হাকিমি ও নুনো মেনদেস। আর গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আর্সেনালের স্প্যানিশ তারকা ডেভিড রায়া।