সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘বিএইউএসটি ইইই ফেস্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬
সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘বিএইউএসটি ইইই ফেস্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিএইউএসটি ইইই ফেস্ট ২০২৬’।  সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মোঃ শামীম রেজা (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অবঃ), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ আতিকুর রহমান,  বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। আয়োজনটি সার্বিক পরিচালনায় ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছাঃ রুবিনা আক্তার।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন যে, ‘বিএইউএসটি ইইই ফেস্ট’ শিক্ষার্থীদের জন্য এমন একটি কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজনের মাধ্যমে তারা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের বাস্তব প্রয়োগের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দলগত কাজ, নেতৃত্ব, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।
আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলমান এ উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, গেমিং, ট্রেজার হান্ট, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জাতীয় পর্যায়ে সার্কিট অলিম্পিয়াড, প্রজেক্ট শোকেসিং, টেকনিক্যাল পোস্টার প্রেজেন্টেশন, রোবোটিকস কম্পিটিশন, রোবো সকার এবং লাইন ফলোয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব প্রতিযোগিতায় বিএইউএসটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে ইইই বিভাগের শিক্ষার্থীরা একটি মনোমুগ্ধকর ফ্ল্যাশ মব পরিবেশন করে, যা উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।
বিএইউএসটি ইইই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে স্পনসর হিসেবে রয়েছে হিকভিশন বাংলাদেশ ও বেটকো ইঞ্জিনিয়ারিং। প্রযুক্তি, উদ্ভাবন ও প্রকৌশল শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।