প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ১ বিজিবি অধিনায়কের

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ১ বিজিবি অধিনায়কের

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগামী (২০ অক্টোবর) রাজশাহী শহরস্থ রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ব্যাটালিয়ন অধিনায়ক। এ সময় তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও সমন্বয় বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপে পূজা উদযাপন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত পরিদর্শন নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।