রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর ও সিএনবি এলাকায় অভিযান চালিয়ে নকল অলিভ অয়েল জব্দ, এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারকে নিবন্ধন ও লাইসেন্স হালনাগাদের নির্দেশ দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের সামারি ট্রায়াল কোর্ট।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিয়ন্ত্রণ, মিটলেস ডে-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন এবং চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আইনগত অনুমোদন যাচাইয়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নগরীর সাহেববাজারের আরডিএ মার্কেটের একটি দোকান থেকে উল্লেখযোগ্য পরিমাণ নকল অলিভ অয়েল জব্দ করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী পণ্যগুলো নকল বলে স্বীকার করেন। এ ঘটনায় ওজন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য বিধান অনুযায়ী তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মহানগরীতে মিটলেস ডে যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা যাচাই করতে বিভিন্ন এলাকায় তদারকি চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত নির্দেশনা ও বিধিবিধান প্রতিপালনের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়।
অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুর এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স এবং সিটি কর্পোরেশনের প্রয়োজনীয় নিবন্ধন যাচাই করা হয়। পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানের সিটি কর্পোরেশন-সংক্রান্ত নিবন্ধন হালনাগাদ না থাকার বিষয়টি উঠে আসে। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়।
রাজশাহী মহানগরীতে নকল ও মানহীন পণ্যের বিস্তার রোধ, ভোক্তাদের আর্থিক ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আইনগত বাধ্যবাধকতা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের সামারি ট্রায়াল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রযোজ্য আইন, লাইসেন্সিং শর্ত এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
অভিযানে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক।