মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন নিশ্চিত করে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ স্বীকৃতি পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ স্বীকৃতির জন্য রাসিকের স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। নগরবাসীর সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।
রিটন বলেন, নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। শুদ্ধ নিবন্ধনে পাওয়া এ স্বীকৃতি নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে রাসিকের কার্যক্রমকে উৎসাহিত করবে।