মেজর আখতারুজ্জামান এখন নির্যাতিত মানুষের নেতা: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬
মেজর আখতারুজ্জামান এখন নির্যাতিত মানুষের নেতা: ডা. শফিকুর রহমান

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর নেতা নন, তিনি এখন ভুক্তভোগী ও নির্যাতিত মানুষেরও নেতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে অপমান করার জন্য মাথায় হেলমেট পরানো হয়েছে, তাকে অপমান করার জন্য তার বুকে জ্যাকেট বেঁধে দেওয়া হয়েছে। আমরা নিন্দা জানাই ধিক্কার জানাই।

মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, বিমানবন্দরে অনিয়ম ও হয়রানির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে দ্রুত মামলা করা হয়েছে। তিনি প্রবাসীদের পক্ষে কথা বলেছেন। যেসব প্রবাসীর ব্যাগ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি করা হয় তাদের জন্যও তিনি কথা বলেছেন।

মামলায় মেজর আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেছেন এমন অভিযোগের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এটা ১০০ ভাগ নয়, এক হাজার ভাগ মিথ্যা। তিনি কারও গায়ে হাত তোলেননি।’

তিনি বলেন, বিমানবন্দর সিসি ক্যামেরার আওতায় থাকার পরও আদালতে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মারধরের অভিযোগের কোনো ভিডিও দেখানো হয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘মেজর আখতার এখন আর শুধু জামায়াতে ইসলামের লোক ও নেতা নন। এখন তিনি সারা বাংলাদেশের ভুক্তভোগী ও নির্যাতিত সমস্ত মানুষের নেতা হয়ে উঠেছেন।’

তিনি জানান, মামলা হওয়ার পর মেজর আখতারুজ্জামানের সঙ্গে তার কথা হয়েছিল। আগাম জামিন নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, ‘আমি অন্যায় করিনি। কাজেই আমি আত্মসমর্পণ করবো না। আমি চাই আমাকে গ্রেপ্তার করা হোক।’

সরকারকে সতর্ক করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে বোকা বা অন্ধ ভাবার সুযোগ নেই। ‘আপনাদের যদি একজনের দুইটা করে চোখ থাকে জনগণেরও সূর্যের মতো দুইটা করে চোখ আছে। পরিষ্কার করে সবকিছু দেখে আড়াল করতে পারবেন না। এখন আড়াল করার যুগ নয়।’