মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর রাজপাড়া থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর বারী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মোঃ হানিফকে (৪৫) গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মিশন গেট রেলক্রসিংসংলগ্ন একটি মুদি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হানিফ রাজশাহীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বিকালে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, বারী হত্যা মামলায় হানিফ এজাহারভুক্ত আসামি। গত ২৭ সেপ্টেম্বর রাজপাড়া থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর হানিফকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
পরে তাকে রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে এসআরবি।
মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
রাজপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন, মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।